বিজ্ঞাপনমুক্ত ভিডিও প্লেয়ার আনছে ইউটিউব

১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩  
সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যাটফর্মে শেখার জন্য বেশ কয়েকটি উদ্যোগ ও ফিচার চালু করেছে ইউটিউব। শিক্ষামূলক ভিডিও’র পাশাপাশি গণিত, বিজ্ঞান ও সঙ্গীতের মতো বিষয় নিয়ে পরামর্শমুক্ত প্লেলিস্ট তৈরি করতে নির্মাতাদের জন্য দুই কোটি ডলারের তহবিল গঠন করেছে কোম্পানিটি। এমন উদ্যোগের মধ্যে বিজ্ঞাপনমুক্ত নতুন ভিডিও প্লেয়ার ও বিভিন্ন শিক্ষাবিষয়ক কোর্স বিষয় নিয়ে ‘এম্বেডএবল ভিডিও প্লেয়ার’ ফিচার চালু করতে যাচ্ছে অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউব।  ইউটিউবের ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ ছাড়াই ব্যবহারকারীকে নতুন কনটেন্ট দেখানো ও পরিবেশনের উদ্দেশ্যে এই প্লেয়ার তৈরি করেছে প্ল্যাটফর্মটি। শিক্ষামূলক কনটেন্ট নির্মাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ফিচারটি দারুণ হতে পারে বলে এই খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। শুরুর দিকে বিজ্ঞাপন ও পরামর্শমুক্ত নতুন প্লেয়ারটি ব্যবহারের সুবিধা পাবে বাছাই করা কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে আছে ‘এডপাজল’, ‘গুগল ক্লাসরুম’, ‘পারডু ইউনিভার্সিটি’ ও ‘পারডু গ্লোবালের’ মতো কয়েকটি শিক্ষামূলক প্রযুক্তি কোম্পানি। এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে,  নতুন ফিচারের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন, বাইরের লিংক ও কনটেন্ট পরামর্শ সরিয়ে ফেলে এটি, যে কারণে দর্শকরাও বিভিন্ন ধরনের ‘মিনোযোগ সরানো কনটেন্ট’ এড়াতে পারবেন। এরইমধ্যে প্ল্যাটফর্মে শিক্ষা বিষয়ক কনটেন্ট তৈরিতে নির্মাতাদের জন্য বেশ কয়েকটি নতুন টুল আনার ঘোষণা দিয়েছে ইউটিউব, যার মধ্যে রয়েছে, ভিডিও দেখার বিনিময়ে দর্শকের কাছ থেকে অর্থ সংগ্রহের উপায়। আগামী বছর থেকে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে ‘কোর্স বিক্রির’ সুযোগ পাবেন নির্দিষ্ট কিছু নির্মাতা, যেখানে দর্শকের জন্য সাজানো থাকবে ভিডিও’র প্লেলিস্ট। নতুন ফিচারের কল্যাণে একজন দর্শক কোনো কোর্স কিনলে বিজ্ঞাপনমুক্ত প্লেয়ারে কনটেন্ট দেখার ও ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা পাবেন। এই সব কোর্স প্রথমে বেটা সংস্করণ হিসেবে আসবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায়। এ ছাড়া, নতুন করে ঘোষণা দেওয়া কুইজ ফিচারের মাধ্যমে নিজস্ব চ্যানেলের কমিউনিটি ট্যাবে শিক্ষামূলক কনটেন্ট বিষয়ক কুইজ চালু করতে পারবেন নির্মাতারা। আসন্ন মাসগুলোতে বেটা সংস্করণে এই সব কুইজ চালু করবে কোম্পানিটি। নির্মাতারা এ ফিচারের প্রবেশাধিকার পাবেন আগামী বছর নাগাদ।